#ক্রিসমাস
“জানিস পাপ্পু আজ সকালে ঘুম থেকে উঠে দেখি কাল রাতে সান্তা দাদু আমাকে কত্ত গিফট দিয়ে গেছে। একটা বড়ো কেক আর ইয়া বড়ো একটা গাড়ি!
তোকে কিচ্ছু দেয়নি?”
“কই না তো ! আমাকে কিচ্ছু দেয়নি তো!” মনমরা হয়ে উত্তর দেয় পাপ্পু।
কুট্টুস পাপ্পুর দিকে তাকিয়ে কি চিন্তা করে নিয়ে বলে, “আচ্ছা দেখিস পরের বছর অবশ্যই আসবে সান্তাদাদু। তোকেও গিফট দিয়ে যাবে। আমি প্রে করবো”
পাপ্পু আর কুট্টুস দুই বন্ধু। এক পাড়ায় থাকে । দুজনেই ক্লাস ফাইভে পড়ে। একই ক্লাস হলেও স্কুলটা আলাদা।
কুট্টুসদের অবস্থা ভালো। নামী স্কুলে পড়ে। পাপ্পুরা খুব গরীব।কিন্তু ওদের বন্ধুত্বটা সমান্তরাল।
*******
আজ পঁচিশে ডিসেম্বর।ছুটির দিন। দুপুরে মা বাবার সঙ্গে একসাথে লাঞ্চ করছে কুট্টুস। খেতে খেতে বাবাকে হঠাৎই প্রশ্ন করে “আচ্ছা বাবাই, সান্তা কাল আমাদের বাড়িতে এলো,কিন্তু পাপ্পুর বাড়িতে কেন এলো না? আমাকে তো গিফট দিয়ে গেল। ও তো আমাদের পাশেই থাকে ওকে দিয়ে গেল না কেন সান্তাদাদু?”
কুট্টুস এর বাবা চুপ করে যায় কিছুক্ষণ। তারপর নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলে “কেন দেবে না! তাইতো! বাবু,আমার মনে হয় কাল তোর সান্তাদাদুর গিফট শেষ হয়ে গিয়েছিলো। হয়তো ভালো গিফট ছিলো না। আজ নিশ্চয় পাপ্পুকে দিয়ে যাবে দেখিস।
কুট্টুস শান্ত হয়। খাবারের দিকে মন দেয় ভরসা পেয়ে।
*****************
পরের দিন সকালে বাড়ির বাইরে কুট্টুসকে দেখে পাপ্পু ছুট্টে এসে তাকে ঘরে নিয়ে যায়।আনন্দে লাফাতে লাফাতে বলে “এই দেখ, এই দেখ, আজ সকালে গেটের সামনে সান্তা দাদু কত্ত চকোলেট, কেক আর খেলনা রেখে গেছে আমার জন্য!”
কুট্টুসেরও খুব আনন্দ হয়। পাপ্পুকে বলে, “হ্যাঁ রে, বাবাইও বলছিলো, কাল হয়তো সান্তাদাদুর গিফট শেষ হয়ে গেছে। আবার ঠিক দিয়ে যাবে”
পাপ্পুর বাবা মায়ের বুঝতে অসুবিধা হয় না, আসলে সান্তাটা কে!”
merry Christmas ❤️

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন